‘রয়েল বেঙ্গল টাইগারকে খাঁচায় বন্দী রাখতে হয়’, অভিষেককে সুকান্তের খোঁচা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার
ছবি: ভাস্কর মুখার্জি

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল রোববার বলেছেন, ‘রয়েল বেঙ্গল টাইগার বাইরে ঘুরে বেড়াতে পারে না। তাকে চিড়িয়াখানা বা খাঁচায় বন্দী রাখতে হয়।’

এ মন্তব্যের মধ্য দিয়ে বিজেপি নেতা সুকান্ত মূলত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন।

গত শনিবার কলকাতার নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) দপ্তরে তলব করা হয় অভিষেককে। এ সময় টানা ৯ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

সেখান থেকে বেরিয়ে তৃণমূল নেতা অভিষেক বিজেপি সরকারের সমালোচনা করে সাংবাদিকদের বলেন, ‘আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না। দিল্লির বশ্যতাও মানব না। আমি রয়েল বেঙ্গল টাইগার হয়েই থাকতে চাই। কেন্দ্রীয় তদন্ত সংস্থা আমাকে দুর্বল করতে পারবে না। বিজেপির বিরুদ্ধে আমার লড়াই চলবে।’

অভিষেকের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত। এই নেতার ভাষ্য, বেঙ্গল টাইগারের জায়গা বাইরে নয়, বরং চিড়িয়াখানা বা খাঁচায়।

সুকান্ত মজুমদার আরও বলেন, ‘অভিষেক আগেই বুঝতে পেরে বলেছেন, তিনি রয়েল বেঙ্গল টাইগারের মতো থাকতে চান। দিল্লির পোষা কুকুরের মতো নয়। বীরভূমের রয়েল বেঙ্গল টাইগার অনুব্রত মণ্ডল তো এখন খাঁচায় বন্দী। সেটি বুঝতে পেরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগাম বলে দিয়েছেন, তিনি রয়েল বেঙ্গল টাইগারের মতো থাকতে চান।’

তবে অভিষেকের সাহসী মন্তব্যের প্রশংসা করেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি রোববার বলেন, ‘মমতা এত দিনে এক যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরুণ নেতা।’

অভিষেক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা। রাজ্যের বিভিন্ন সরকারি নিয়োগসংক্রান্ত মামলার তদন্ত করছে সিবিআই। এ–সংক্রান্ত কাজেই অভিষেককে জেরা করেছে সিবিআই।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, অভিষেককে যদি আটকে রাখা হয়, তবে তিনি আন্দোলনে নামবেন।