- তিলক পারলেন না
- এভাবেও চার ছাড়া যায়!
- বেঁচে গেলেন সূর্য
- বোলিংয়ে উসমান তারিক
- ইশানের ভিত থেকে শুরু সূর্য–তিলকের
- ইশান আউট
- শাদাবও ইশানের শিকার!
- ইশানের ব্যাটে পাকিস্তানের ঈষাণ কোণে মেঘ!
- ভারতের ফিফটি
- স্পিনের পর স্পিন, ছাড়ছেন না ইশান
- ৫ রান দিয়ে ভালো শুরু সালমানের
- ৯ রান দিলেন সালমান
- শাহিন দিলেন ১৫ রান
- বোলিংয়ে এলেন, দেখলেন, অভিষেকের উইকেট নিলেন!
- পাকিস্তান একাদশ
- পিচের কি অবস্থা
- টসের পর কি হাত মেলানো হলো?
- বৃষ্টির কি খবর?
- চলছে কথার লড়াই
- তাঁরা কি হাত মেলাবেন?
- রাজনীতি এই ম্যাচে ‘টেস্ট মেকার’
- স্বাগতম
তিলক পারলেন না
২৪ বলে ২৫ রান করে ১৫তম ওভারে সাইম আইয়ুবের দ্বিতীয় বলে ফিরলেন তিলক বর্মা। ক্রিজে অনেকক্ষণ থাকলেও ইনিংস বড় করতে পারলেন না।
নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া।
এভাবেও চার ছাড়া যায়!
ভারত: ১৪ ওভারে ১২৫/২
শিশুসুলভ—এই কথাটাই সবার আগে মাথায় আসে! ১৪তম ওভারের চতুর্থ বলে ডিপ স্কয়ার লেগে সূর্য যেখানে ১ রান পেতেন শাদাব খান সেখানে ফিল্ডিং মিস করে ৪ রান দিলেন! বল হাতেই নিতে পারলেন না!
নেওয়াজ এই ওভারে ৭ রান দিয়েছেন। তিলক ২৩ বলে ২৫ ও সূর্য ১৭ বলে ২১ রানে অপরাজিত।
বেঁচে গেলেন সূর্য
ভারত: ১২ ওভারে ১৯৮/২
নেওয়াজের করা এই ওভারের শেষ বলে এলবিডব্লু হওয়া থেকে বেঁচেছেন সূর্য। ১০ রান দিয়েছেন নেওয়াজ এই ওভারে।
সূর্য ৯ বলে ৯ এবং তিলক ১৯ বলে ২১ রানে অপরাজিত।
বোলিংয়ে উসমান তারিক
ভারত: ১১ ওভারে ৯৮/২
পাকিস্তানের ‘ট্রাম্প কার্ড’ উসমান তারিক ১১তম ওভারে বোলিংয়ে এসে ৬ রান দিয়েছেন। তিলক ১৫ বলে ১৩ এবং সূর্য ৭ বলে ৮ রানে অপরাজিত।
ইশানের ভিত থেকে শুরু সূর্য–তিলকের
ভারত: ১০ ওভারে ৯২/২
বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজ এই ওভারে দিয়েছেন মাত্র ৩ রান। তিলক ১১ বলে ১২ এবং সূর্য ৫ বলে ৩ রানে অপরাজিত।
ইশান আউট
ভারত: ৯ ওভারে ৮৯/২
৯ম ওভারে শেষ পর্যন্ত সাইমের বলে বোল্ড হলেন ইশান। ৩ ছক্কা ও ১০ চারে ৪০ বলে ফিরলেন ৭৭ রানে। এই আউটের মধ্য দিয়ে দ্বিতীয় উইকেটে ৪৬ বলে ৮৭ রানের জুটি ভাঙল ইশান ও তিলকের। এর মধ্যে ইশানের একার অবদান ৩৮ বলে ৭৬!
তিনে নেমেছেন অধিনায়ক সূর্যকুমার।
শাদাবও ইশানের শিকার!
ভারত: ৮ ওভারে ৮২/১
আরেক স্পিনার শাদাব খান এই ওভারে বোলিংয়ে এসে দিয়েছেন ১৭ রান। একটি ছক্কা ও চার মেরেছেন ইশান।
ইশান ৩৭ বলে ৭২ এবং তিলক ৭ বলে ১০ রানে অপরাজিত।
ইশানের ব্যাটে পাকিস্তানের ঈষাণ কোণে মেঘ!
ভারত: ৭ ওভারে ৬৫/১
আবরারের করা সপ্তম ওভারে প্রথম তিন বলেই চার মারেন ইশান। তাঁকে ঠেকাতে পারছেন না পাকিস্তানের বোলাররা। ২৭ বলে ফিফটি তুলে নিয়ে বড় কিছুর ইঙ্গিত দিচ্ছেন ইশান।
ইশান ৩১ বলে ৫৫ ও তিলক ৭ বলে ১০ রানে অপরাজিত।
ভারতের ফিফটি
ভারত: ৬ ওভারে ৫২/১
পাওয়ার প্লের ৬ ওভারে বেশ ভালোই করলেন ভারতের ব্যাটসম্যানরা। তিলক ৭ বলে ১০ এবং ইশান ২৫ বলে ৪২রানে অপরাজিত।
ষষ্ঠ ওভারে ১১ রান দিয়েছেন সাইম। চার হজম করেন ইশান ও তিলকের কাছে।
স্পিনের পর স্পিন, ছাড়ছেন না ইশান
ভারত: ৫ ওভারে ৪১/১
আবারও নতুন স্পিনার। এবার আবরাহ আহমেদ। তাঁর এই ওভারেও একটি করে চার ও ছক্কা মারেন ইশান। ১১ রান দিয়েছেন আবরার।
ইশান ২১ বলে ৩৬ এবং তিলক ৫ বলে ৫ রানে অপরাজিত।
৫ রান দিয়ে ভালো শুরু সালমানের
ভারত: ৪ ওভারে ৩০/১
শাহিনকে সরিয়ে এ প্রান্ত থেকে স্পিনার সাইম আইয়ুবকে বোলিংয়ে এনেছেন সালমান। ৫ রান দিয়ে শুরুটা ভালো করলেও তিনটি ডেলিভারি খাটো লেংথের ছিল। ইশান মারার চেষ্টা করলেও ব্যাটে ঠিকমতো পাননি।
ইশান ১৬ বলে ২৫ এবং তিলক ৪ বলে ৫ রানে অপরাজিত।
৯ রান দিলেন সালমান
ভারত: ৩ ওভারে ২৫/১
সালমান এই ওভারে ৯ রান দিয়েছেন। ইশান ক্যাচ তুললেও সেটি নিরাপদ জায়গায় পড়েছে।
শাহিন দিলেন ১৫ রান
ভারত: ২ ওভারে ১৬/১।
ইনিংসের দ্বিতীয় ওভারে শাহিন এসে বোলিংয়ে ভালো করতে পারলেন না। ১৫ রান দিয়েছেন এ ওভারে। ইশান তাকে একটি ছক্কা ও চার মারেন। তিলক একটি চার মারেন।
তিলক ৩ বলে ৪ এবং ইশান ৫ বলে ১২ রানে অপরাজিত।
বোলিংয়ে এলেন, দেখলেন, অভিষেকের উইকেট নিলেন!
ভারত: ১ ওভারে ১/১।
চমকের পর চমক!
পাকিস্তানের হয়ে বোলিংয়ে ওপেন করলেন অধিনায়ক সালমান আগা। তাঁর অফ স্পিনে ওভারের শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ওপেনার অভিষেক শর্মা (০)। এই ওভারে মাত্র ১ রান দিয়েছেন সালমান।
তিনে নেমেছেন তিলক বর্মা।
আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এ নিয়ে ১৪ তম ইনিংসে বোলিংয়ে সালমান। বোলিংয়ে ওপেন করলেন দ্বিতীয়বার।
টি–টুয়েন্টি বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দলগুলোর খেলোয়াড়দের মধ্যে প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন—আশীষ নেহরা, ইমরুল কায়েস ও অভিষেক শর্মা।
ভারত একাদশ
ইশান কিষান (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুন চক্রবর্তী ও যশপ্রীত বুমরা।
তিন স্পিনার ও এক বিশেষজ্ঞ পেসার নিয়ে নামছে ভারত। হার্দিক ও দুবে পেস বোলিং অলরাউন্ডার।
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।
দুই পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নামছে পাকিস্তান।
পিচের কি অবস্থা
প্রেমাদাসার ৪ নম্বর পিচে খেলা হবে। রমিজ রাজা জানিয়েছেন, স্ট্রেটে বাউন্ডারিসীমা ৮৪ মিটার। স্কয়ারে বাউন্ডারিসীমা ৭০ ও ৭৪ মিটার। পিচ ব্যাটিংয়ের জন্য ভালো তবে জোরে মেরে বল দূরে পাঠানো কঠিন ব্যাটসম্যানের জন্য।
খেয়াল করুন—এই ম্যাচের আগে একই গ্রুপ থেকে নামিবিয়াকে ৩১ রানে হারায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই জয় ভারত ও পাকিস্তানকে একটু চাপেই ফেলল। ভারত কিংবা পাকিস্তান, যে কোনো একটি দল নিজেদের শেষ দুই ম্যাচ হারলে টানা দ্বিতীয়বার সুপার এইটে উঠে যেতে পারে যুক্তরাষ্ট্র।
টসের পর কি হাত মেলানো হলো?
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা।
আকাশে মুদ্রা নিক্ষেপ করেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার। সালমান ‘হেড’ বলার পর কয়েনে হেডই পড়েছে। নিজের সিদ্ধান্ত জানান সালমান। আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে সালমানের ব্যাখ্যা, উইকেট পুরোপুরি শুষ্ক নয়। একটু আঠালো মনে হয়েছে তাঁর কাছে।
সূর্যকুমার জানিয়েছেন, তিনি আগে ব্যাট করতেন। দলে দুটি পরিবর্তনের কথা জানান তিনি। অভিষেক শর্মা ও কুলদীপ যাদব দলে ঢুকেছেন। অর্শদীপের দলের বাইরে থাকার কথা বললেও আরেকজন কে তা জানাননি সূর্য। হয়তো ভুলে গেছেন!
সূর্যকুমার ও সালমান কেউ কারও সঙ্গে টসে আগে কিংবা পরে হাত মেলাননি। হাত না মেলানোর ধারা এই ম্যাচেও বহাল থাকল।
বৃষ্টির কি খবর?
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগ পর্যন্তও শুষ্ক ছিল কলম্বোর আবহাওয়া। বৃষ্টি হয়নি। তবে তাদের প্রকাশিত ছবিতে আকাশে কালো মেঘ দেখা গেছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কলম্বোর আবহাওয়া এখন উঞ্চ ও আর্দ্র। তবে একটু বৃষ্টির কথাও জানিয়েছে সংবাদমাধ্যমটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটার লাইভ ফিডে। তাঁরা জানিয়েছে, তাপমাত্রা প্রায় ২৯–৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ও আকাশ মেঘলা। সাময়িক একটু বৃষ্টির ফলে পরিবেশ স্যাঁতসেঁতে আর আর্দ্রতা ৬৩ শতাংশ থাকায় বাইরে বেশ ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
ভালো কথা, স্টেডিয়ামের বাইরে প্রায় আড়াই হাজার নিরাপত্তারক্ষী আছেন।
চলছে কথার লড়াই
ভারত–পাকিস্তান ম্যাচে এটাই স্বাভাবিক। ম্যাচ সামনে দুই দেশ থেকে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের কথার লড়াই মোটেই নতুন কিছু না। এবার যেমন চলছে ভারতের ওপেনার অভিষেক শর্মা ও পাকিস্তানের স্পিনার উসমান তারিককে নিয়ে। বাদ পড়েননি বাবর আজমও। জানতে ক্লিক করুন নিচের লিংকে
ভালো ব্যাটসম্যান নন, অভিষেক স্রেফ ‘স্লগার’—পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির এ কথা বলার প্রতিক্রিয়ায় তাঁকে যা বলেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং ‘পরের ছয় মাসের জন্য অভিষেক পাকিস্তানের জন্য দুঃস্বপ্ন হবে।
বাবর আজম ও পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে নিয়ে নিয়ে ভারতের সাবেক ওপেনার কৃঞ্চমাচারি শ্রীকান্তের বক্তব্য ‘‘বাবর টি–টুয়েন্টিতেও টেস্ট খেলে, সালমান আগা হলো বাবর ২.০’
তবে গত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি আলোচনা চলছে উসমান তারিককে নিয়ে। পাকিস্তানের এই স্পিনারের অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পড়তে পারেন তাঁর জীবনের গল্প—ধোনির সিনেমায় বদলে যাওয়া উসমানই পাকিস্তানের তুরুপের তাস
ভারত–পাকিস্তান ম্যাচে সব মিলিয়ে পাঁচটি প্রশ্নও আছে। সেগুলো কি? ক্লিক করুন এই লিংকে—হাত মেলানো থেকে উসমান তারিক: ভারত–পাকিস্তান ম্যাচে ৫ প্রশ্ন
তাঁরা কি হাত মেলাবেন?
বড় প্রশ্ন। ব্যাপারটা এখন কিছুটা দৃষ্টিকটুও লাগে হয়তো কারও কারও কাছে। ক্রিকেটে অন্যতম সেরা দুটি দেশ, কিন্তু রাজনৈতিক বৈরিতার জন্য কোনো পর্যায়ের খেলাতেই কেউ কারও সঙ্গে হাত মেলায় না! আজ মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচেও একই ঘটনা ঘটেছে।
গত সেপ্টেম্বর এশিয়া কাপে শুরু হওয়া নেতিবাচক এই ধারাটা কি আজ ভেঙে দেবেন সূর্যকুমার ও সালমান? ক্লিক করে জেনে নিন তাঁদের মুখেই
ভালোমতো খাওয়াদাওয়া করুন, ঘুমান—‘হ্যান্ডশেক’ প্রশ্নে ভারত অধিনায়ক
ভারত–পাকিস্তান ম্যাচে ‘হ্যান্ডশেক’ দেখা যাবে কি না, প্রশ্নে যা বললেন সালমান আগা
হরভজন সিংয়ের যুক্তি আবার এটি—‘‘কোনো বইয়ে লেখা নেই যে ম্যাচ শেষে হাত মেলাতে হবে’
রাজনীতি এই ম্যাচে ‘টেস্ট মেকার’
ঘটনা প্রায় সবারই জানা। তবু একবার মনে করিয়ে দেওয়া যাক।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারতে নিরাপত্তা শঙ্কায় টি–টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো খেলতে আপত্তি জানায় বাংলাদেশ। আরেক সহ–আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি। কিন্তু আইসিসি যেমন এই অনুরোধে রাজি হয়নি, তেমনি বাংলাদেশও নিজেদের দাবিতে অনড় ছিল। ফলে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি–টুয়েন্টি বিশ্বকাপে অর্ন্তভুক্ত করে আইসিসি। এই সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে ভারতের বিপক্ষে বিশ্বকাপে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান সরকার।
তারপর কীভাবে পাকিস্তান এই ম্যাচটি খেলতে রাজি হলো, সেটা জানতে ক্লিক করুন নিচের লিংকে—
বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার সিদ্ধান্ত পাকিস্তানের
ক্রিকেটের বাইরে তাই এই ম্যাচে আছে রাজনৈতিক এবং অন্যান্য বিষয়ও। জানতে ক্লিক করুন নিচের লিংকে
ক্রিকেটের আঁচে বৈরিতার বরফ গলবে তো?
দু–একজন গুণীজন কিন্তু মনে করেন ভারত–পাকিস্তান ম্যাচে আগের সেই ক্রিকেটীয় আকর্ষণ আর নেই। যেমন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন। তিনি লিখেছেন—ভারত–পাকিস্তান ম্যাচ ‘লোক দেখানো প্রদর্শনী’
স্বাগতম
ক্রিকেটের সবচেয়ে কাঙ্খিত ম্যাচে স্বাগতম। টি–টুয়েন্টি বিশ্বকাপে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি পাকিস্তান। ম্যাচটি শুরু হওয়ার নির্ধারিত সময় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা।
শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ গতকালই এই ম্যাচে বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে। বৃষ্টিতে যদি ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে কী হবে? ক্লিক করুন নিচের লিংকে।