ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে 'ইন্ডিয়া' জোটের ডাকা বিক্ষোভে রামলীলা ময়দানে নেতা–কর্মী ও সমর্থকেরা। নয়াদিল্লি, ০১ নভেম্বর, ২০২৬
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে 'ইন্ডিয়া' জোটের ডাকা বিক্ষোভে রামলীলা ময়দানে নেতা–কর্মী ও সমর্থকেরা। নয়াদিল্লি, ০১ নভেম্বর, ২০২৬

শশী থারুরের কলাম

মোদি সরকার এখন কী করবে

ভারতে গ্রীষ্মকালজুড়ে অসন্তোষের পর এবার শুরু হয়েছে রাজনৈতিক সংকটের নতুন অধ্যায়। জুন ও জুলাই মাসে প্রচণ্ড গরমের মধ্যে শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে রাজপথে নেমেছিল তরুণেরা।

আন্দোলনের তীব্রতা এতটাই বেড়েছিল যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বেশ কিছু দাবি মেনে নিতে বাধ্য হয়। এমনকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও পদত্যাগ করতে হয়। কিন্তু ভারতীয়দের আন্দোলন সেখানেই থেমে থাকেনি। এবার তাদের লক্ষ্য দেশের নির্বাচনব্যবস্থা ঠিক করা।

এই আন্দোলনের কেন্দ্রে রয়েছে ভারতের নির্বাচন কমিশন। কয়েক দশক ধরে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে ভারতের গণতন্ত্রের অন্যতম শক্তিশালী ও নির্ভরযোগ্য স্তম্ভ মনে করা হতো। কিন্তু এখন সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধেই উঠেছে পক্ষপাত, স্বচ্ছতার অভাব এবং বিপুলসংখ্যক ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ।

বিতর্কের শুরু গত বসন্তে। এপ্রিল মাসে পাঁচটি রাজ্যে নির্বাচনের আগে ভোটার তালিকা বিশেষ নিবিড়ভাবে সংশোধনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। অবশ্য ভোটার তালিকা নিয়মিত হালনাগাদ করা স্বাভাবিক কাজ। যাঁরা মারা গেছেন, অন্যত্র চলে গেছেন কিংবা স্থানান্তরিত হয়েছেন, তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। কিন্তু এবার এই সংশোধন ছিল আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি ব্যাপক। শুধু পশ্চিমবঙ্গেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় ৯১ লাখ মানুষের নাম।

এ ঘটনায় দ্রুত ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশন হয় অদক্ষতার পরিচয় দিয়েছে, নয়তো ইচ্ছাকৃতভাবে অনিয়ম করেছে। অভিযোগের পেছনে যথেষ্ট কারণও ছিল। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যাঁদের নাম বাদ দেওয়া হয়েছিল, তাঁদের যথাযথভাবে আপিল করার সুযোগও দেওয়া হয়নি।

পশ্চিমবঙ্গের ৩৪ লাখ ৫০ হাজার ভোটার নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছিলেন। কিন্তু নির্বাচনের আগে কমিশন মাত্র ৮২ হাজার আবেদন শুনতে পেরেছে। তাঁদের মধ্যে ৯১ শতাংশের আবেদনই সঠিক বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ কমিশন যাঁদের নাম বাদ দিয়েছিল, তাঁদের বড় অংশের ক্ষেত্রেই সিদ্ধান্তটি ভুল ছিল। কিন্তু ভোটের আগে সেই ভুল সংশোধনের সুযোগ হয়নি।

ভারতের সিইসি জ্ঞানেশ কুমারকে গ্রেপ্তারের দাবি

এ কারণে নির্বাচনের ফলাফল নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে আগের নির্বাচনের ফলাফলের সঙ্গে এবারের ফলাফলের বড় ধরনের পার্থক্য সন্দেহ আরও বাড়িয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ২০৭টি আসন পেয়ে প্রথমবারের মতো রাজ্যটিতে নিরঙ্কুশ জয় পায়। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াই যে এই ফলাফলের একমাত্র কারণ, এমন দাবি অবশ্য খুব কম মানুষই করছেন। কিন্তু পুরো ঘটনাটি ভারতের বিরোধী দলগুলোর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।

পরবর্তী সময়ে আরও কিছু তথ্য সামনে আসে। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির গুরুত্বপূর্ণ আবেদনপত্র বা ফরম ৬-এ বেআইনিভাবে পরিবর্তন করা হয়েছিল। আবার কারও ভোটার হওয়ার যোগ্যতা নিয়ে আপত্তি জানানোর ফরম ৭ বিপুলসংখ্যায় জমা দেওয়া হয়েছিল। কেন্দ্রীয়ভাবে পরিচালিত নতুন সফটওয়্যারের কারণে স্থানীয় পর্যায়ের নির্বাচনী নিবন্ধন কর্মকর্তারা ভুল সংশোধন করতে পারেননি। এর ফলে ভোটার তালিকায় অসংগতি তৈরি হয় এবং অনেকের নাম বাদ পড়ে। সব মিলিয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের সংখ্যা ১৩ কোটির বেশি।

এসব ঘটনা আগে থেকেই ক্ষুব্ধ তরুণদের আন্দোলনের নতুন উপলক্ষ তৈরি করে। বেকারত্ব, দুর্নীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থার নানা ব্যর্থতায় হতাশ তরুণেরা এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নামেন। বিক্ষোভকারীদের প্রধান দাবি, জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে।

রাহুল গান্ধীসহ বিরোধী নেতারা সুপ্রিম কোর্টেও আবেদন করেছেন। গ্রীষ্মকালে প্রকাশিত অনিয়মের তথ্যের বিষয়ে যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় আদালতও সমালোচনার মুখে পড়েছেন। বিরোধীরা চাইছেন, আদালত যেন ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া বন্ধ করেন, বাদ পড়া ভোটারদের নাম আবার অন্তর্ভুক্তির নির্দেশ দেন এবং স্বাধীন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জ্ঞানেশ কুমারকে দায়িত্ব পালন থেকে বিরত রাখেন।

গ্রীষ্মের শিক্ষার্থীদের আন্দোলনের মতো এবারও সরকারকে ছাড় দিতে হতে পারে। বিক্ষোভ ভারতের রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। তরুণদের আন্দোলনের সঙ্গে আনুষ্ঠানিক রাজনৈতিক বিরোধী শক্তির এই ঐক্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ছাড়া এই সংকটের সমাধান হবে, এমনটা ভাবা কঠিন।

  • শশী থারুর ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমানে বিরোধী দল কংগ্রেস পার্টির নির্বাচিত সংসদ সদস্য

  • স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট। ইংরেজি থেকে অনূদিত