ধীরে চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪

ভিনসেন্ট লবির বার থেকে সারাক্ষণই চোখ রাখছে তার লক্ষ্যবস্তুর দিকে। পুরা ব্যাপারটা ঘটে তার থেকে দশ মিটার দূরে। সে কোনো কথা শুনতে পায় না। কিন্তু একটা ব্যাপার ভিনসেন্ট বুঝতে পারে, পতেভিঁর পর্যবেক্ষণ একদম ঠিক আছে, বার্ক আসলে একজন প্রচারাকাঙ্ক্ষী ভাঁড়, যার মধ্যে লোক-দেখানো ব্যাপারটাই প্রবল, সে একজন নাচিয়ে। সে এসেছে বলেই টেলিভিশন ক্যামেরা এসেছে, কীটতত্ত্ববিদদের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। ভিনসেন্ট তাকে মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করে, দেখে তার নৃত্যকলা, কীভাবে সে সারাক্ষণ নিজেকে ধরে রাখছে ক্যামেরার সামনে, তার অন্যের সামনে নিজেকে তুলে ধরার দক্ষতা, অন্যের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করার জন্য তার হাতনাড়ার চমৎকার ভঙ্গি! যখন বার্ক ইমাকুলাতাকে ডানায় ধরে আড়ালে নিয়ে যায়, তখন ভিনসেন্ট না বলে পারে না, ‘এই লোকটাকে দেখো। একটা মাত্র জিনিসকেই সে পাত্তা দেয়, টেলিভিশন থেকে আসা মেয়েমানুষ। সে তো তার বিদেশি সহকর্মীর হাত ধরল না। সে তার সহকর্মীদের পাত্তা দেয় না, বিদেশিদের দিকেই তার খেয়াল নেই, একটা মাত্র প্রভু আছে তার, একটা মাত্র দয়িতা আছে তার, আছে একজন মাত্র রক্ষিতা, আর তা হলো টেলিভিশন। কারণ, তার আর কোনো মেয়েমানুষ নাই, কারণ সে পৃথিবীর সবচেয়ে বড় অণ্ডহীন মানুষ।’

ভিনসেন্টের কণ্ঠস্বর দুর্বল। কিন্তু এই একমাত্রবার তা পরিষ্কার শোনা যাচ্ছে। এ রকম তো হয়, এমন পরিস্থিতি আসে, যখন ক্ষীণতম কণ্ঠও শ্রুত হতে পারে। এটা ঘটে তখন, যখন আমাদের ভেতরে ভাবনা চুলকানির সৃষ্টি করে, প্রকাশের পথ খোঁজে। ভিনসেন্ট তার ভাবনাগুলোকে আকার দেয়। সে রসিক, বিশ্লেষণ করার ক্ষমতা রাখে। সে বলে চলে নাচিয়েদের সম্পর্কে। দেবদূতের সঙ্গে নাচিয়েদের চুক্তি বিষয়ে। নিজের কথার তোড়ে নিজেই মুগ্ধ হয়ে সে তার বাগাড়ম্বরকে সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে নিয়ে যায় স্বর্গের দরজায়। একজন যুবক, চোখে চশমা, পরনে থ্রিপিস, ভিনসেন্টের কথা মন দিয়ে শুনছিল। শিকারি যেমন ওত পেতে থাকে তেমনিভাবে। যখন ভিনসেন্ট তার কথামালা সাঙ্গ করল, তখন যুবকটি মুখ খুলল:
‘প্রিয় মহোদয়, আমরা কোন যুগে জন্মাব তা তো আমরা নিজেরা বাছাই করে নিই না। আমরা সবাই ক্যামেরার চোখের নিচে বসবাস করি। এখন থেকে মানুষ হিসেবে জন্ম নিলে এই অবস্থা মানতে হবে। আপনি যখন যুদ্ধ করবেন, তখনো তা আপনি করবেন ক্যামেরার সামনে। যখন আমরা কোনো প্রতিবাদ করব, তখন তা যদি ক্যামেরার সামনে না করি, তাহলে আমাদের কথা কোথাও পৌঁছাবে না। আমরা সবাই নাচিয়ে। যেমনটা আপনি বলছেন। হয় আমরা নাচিয়ে, না হলে আমরা পলাতক। আপনি দেখছি আমাদের জামানা নিয়ে বেশ আফসোস করছেন। তাহলে আপনি চলুন পেছনের দিকে। দ্বাদশ শতাব্দী কি আপনার পছন্দ? তাহলে সে সময়ে চলে যান। যখন আপনি ওই শতাব্দীতে যাবেন, তখন আবার আপনি প্রতিবাদ করবেন ক্যাথিড্রাল নিয়ে। বলবেন, এসব হলো আধুনিক বর্বরতা। আরও পেছনে যেতে চান? বনমানুষদের জামানায় চলে যান। যেখানে কোনো আধুনিকতা আপনাকে হুমকি দেবে না। আপনি আরামে থাকবেন হনুমানদের নিষ্কলঙ্ক স্বর্গে।’

একটা উপযুক্ত আক্রমণের একটা দাঁতভাঙা জবাব না দিতে পারার মতো অপমানজনক আর কিছুই হতে পারে না। অবর্ণনীয় বিব্রতকর গা-জ্বালানো হাসিঠাট্টার ভেতর দিয়ে ভিনসেন্ট অসহায়ভাবে নিজেকে প্রত্যাহার করে নেয়। মিনিটের অস্বস্তি পেরিয়ে গেলে তার মনে পড়ে যে জুলি তার জন্য অপেক্ষা করছে, সে দু গ্লাস হুইস্কি ঢালে, একটা তার নিজের জন্য, একটা জুলির জন্য।
(চলবে)

আরও পড়ুন: