ধীরে চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ : সব্যসাচী মিস্ত্রী
অলংকরণ : সব্যসাচী মিস্ত্রী

২৫
তার বুকের মধ্যে শেলের মতো বিঁধে আছে থ্রি–পিস পরা লোকটার ছবি। কিছুতেই সে তারে পারে না এড়াতে। এটা আরও বেশি বেদনার হয়ে উঠছে, কারণ, যখন সে একটা নারীকে পটিয়ে ফেলবে বলে আশা করছে, তখনই এই ঘটনাটা ঘটল। তার মনের মধ্যে যদি একটা শেল বিঁধে থাকে, তাহলে সে কী করে একজন নারীকে পটিয়ে ফেলতে পারবে?

মেয়েটি তার মেজাজের বদলটা খেয়াল করে। ‘এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি তো ভাবলাম তুমি আর আসবেই না! তুমি আমাকে ফেলে রেখে চলে গেছ!’

সে উপলব্ধি করে, মেয়েটা তাকে গুরুত্ব দেয়। এটা তাকে বুকে-বেঁধা তিরের যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি দেয়। সে আকর্ষণীয় হওয়ার চেষ্টা করে। কিন্তু মেয়েটির সন্দেহ যায় না। সে বলে, ‘আমাকে বানিয়ে গল্প বোলো না। তুমি এখন আর আগের মতো নেই। এরই মধ্যে নিশ্চয়ই তোমার সঙ্গে অন্য কোনো মেয়ের দেখা হয়েছে।’

‘না। একদমই না।’ ভিনসেন্ট বলে।

‘হ্যাঁ। একদমই হ্যাঁ। তুমি একজন মেয়েমানুষের দেখা পেয়েছ। দয়া করে তুমি তার সাথেই যাও। আমার সাথে তোমার থাকা লাগবে না। আধা ঘণ্টা আগেও আমি তোমাকে চিনতাম না। এখনো তাই ভাবব। আমি তোমাকে চিনি না।’

মেয়েটি দুঃখী থেকে দুঃখীতর দেখায়। আর একজন পুরুষের জন্য কোনো মেয়ের দুঃখের কারণ হওয়ার চেয়ে উপশমকারী মলম দ্বিতীয়টি আর নেই!

‘সত্যিই। তুমি আমাকে বিশ্বাস করো। কোনো মেয়ের সঙ্গে আমার দেখা হয়নি। একটা বিরক্তিকর, গাড়ল, খবিশের সঙ্গে আমার দেখা হয়েছিল, তার সঙ্গে একটা তর্কমতো হয়েছে। এ–ই যা! আর কিছু না!’ সে জুলির চিবুকে আদর বোলায়, আর মেয়েটি তার সন্দেহ ঝেড়ে ফেলে।

‘তারপরও, ভিনসেন্ট, তুমি কিন্তু সম্পূর্ণ বদলে গেছ।’

‘আমার সঙ্গে চলো।’ ভিনসেন্ট বলে। তাকে বারে যাওয়ার জন্য অনুরোধ জানায়। সে চায় তার বুকের শেল হুইস্কির বন্যায় ভেসে যাক। থ্রি-পিচ পরা অভিজাত লোকটা তখনো রয়ে গেছে ওই বারে। অন্যদের সঙ্গে গল্প করছে। যত দূর দেখা যায়, আর কোনো নারীকে এলাকায় দেখা যাচ্ছে না। তাতে সে খুশি। সে আছে জুলির সঙ্গে, মেয়েটিকে এই মুহূর্তে দেখাচ্ছে অনেক সুন্দর। দুই গ্লাস হুইস্কি নেয় সে, একটা বাড়িয়ে দেয় জুলির দিকে। আরেকটা নিজে ঢকঢক করে খেয়ে নেয়। তারপর জুলির দিকে হেলে পড়ে বলে, ‘ওই যে দেখছ, স্যুট পরা, চোখে চশমা, ওই গবেটটা!’

‘ওই লোক। ও তো কিছুই না। একেবারেই কিছুই না। এটা কী করে সম্ভব যে তুমি এই রকম একটা ফালতুকে পাত্তা দিচ্ছ?’

‘তুমি ঠিক বলেছ! ও হলো একটা খবিশ। ও একটা ক্লীব। এর কোনো অণ্ড নেই’—ভিনসেন্ট বলে। তার মনে হয়, জুলির উপস্থিতি তাকে রক্ষা করেছে পরাজয় থেকে, কারণ একটা জিনিসই কেবল হিসাবে রাখার মতো, তা হলো এই বিষণ্ন নিরুত্তেজক পতঙ্গবিদদের সমাবেশে একজন নারীকে জিতে নেওয়া।

‘ও কিছু না। কিছুই না। কিছুই না। আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি।’ জুলি আবারও বলে।

‘তুমি ঠিক বলেছ।’ ভিনসেন্ট বলে। ‘আমি যদি ওর কথা ভাবতেই থাকি, আমি ওর মতো গবেটে পরিণত হব।’ সেখানে, সবার সামনে, এই বারে, ভিনসেন্ট জুলির মুখে চুমু খায়।

এটা তাদের প্রথম চুম্বন।

তারা বেরিয়ে যায় পার্কে। ঘোরে। থামে। আবারও চুমু খায়। একটা বেঞ্চ দেখা যায় লনের ধারে। তারা বসে। নদীর কল্লোলধ্বনি ভেসে আসে দূর থেকে। তারা বাহিত হয়। কী দিয়ে তারা জানে না। আমি জানি। তাদের কানে আসছে মাদাম দে টির নদীর কুলকুল ধ্বনি। ভালোবাসার রাতের নদীটির। অতীতের ঝরনা থেকে ভালোবাসার যুগের অভিবাদনবার্তা আসছে ভিনসেন্টের কাছে।

ভিনসেন্ট যেন দেখতে পাচ্ছে। সে বলে, তুমি কি জানো এই প্রাসাদে তারা অর্গি আয়োজন করত। আঠারো শতকে। তুমি জানো! সাদ, মার্কি দে সাদ। লা ফিলোসফি দ্যাঁ লে বুদুয়া। তুমি ওই বইটা সম্পর্কে জানো?’

‘না।’

‘তোমার অবশ্যই ওই বইটা পড়া উচিত। আমি তোমাকে পড়তে দেব। এটা দুইটা পুরুষ আর দুইটা নারীর কথোপকথন। তখন তারা অর্গির মাঝখানে ছিল।’

‘আচ্ছা।’ জুলি বলে।

‘তারা চারজনই নগ্ন। তারা কেলিরত। চারজন মিলে।’

‘হ্যাঁ।’

‘তোমার পছন্দ হবে। ঠিক কিনা?’

‘জানি না।’ জুলি বলে। এটার মানে এই নয় যে সে প্রত্যাখ্যান করল। বরং এটা তার বিনয়। ভদ্রতার সুন্দর প্রকাশ।

একটা বুলেট কি বুক থেকে সহজেই বের হয়ে যায়?
(চলবে)

আরও পড়ুন: